ভারতকে পরাজিত করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

 


ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে টাইগাররা ৫৯ রানের ব্যবধানে জয়ী হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।

রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় তারা। জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

ভারতের শুরুটা ছিল বিবর্ণ। বাংলাদেশের পেস আক্রমণে মাত্র ৪৪ রানের মধ্যেই হারায় ৩টি উইকেট। আয়ুশ মাহাত্রী ১, বৈভব সূর্যবংশী ৯ এবং আন্দ্রে সিধার্থ করেন ২০ রান। এরপর অধিনায়ক মোহাম্মদ আমান এবং কার্তিয়া দলের হাল ধরার চেষ্টা করলেও কার্তিয়ার বিদায়ে (২১ রান) আবার চাপে পড়ে ভারত।

পরবর্তী ব্যাটাররাও দ্রুত ফিরে গেলে ম্যাচটি বাংলাদেশের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। অধিনায়ক আমান ২৬ রান করেন, তবে তার বিদায়ের পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।

বাংলাদেশের পক্ষে বল হাতে ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম নেন ৩টি করে উইকেট। আল ফাহাদ শিকার করেন ২ উইকেট।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল উজ্জ্বল। জাওয়াদ আবরার প্রথম ওভারেই ছক্কা মেরে রানের খাতা খোলেন। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২০ রানে আউট হন তিনি। এরপর রিজান হোসেন (৪৭) এবং শিহাব জেমস (৪৯) দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে ফরিদ হাসান (৩৯) এবং আল ফাহাদের জুটিতে দল প্রায় ২০০ রানের কাছাকাছি পৌঁছে যায়।

ভারতের হয়ে যুধাজিৎ গুহ, চেতন, এবং হার্দিক রাজ নেন ২টি করে উইকেট।

এই জয়ে ভারত প্রথমবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে হারল, যেখানে তারা নয়বারের ফাইনালিস্ট। বাংলাদেশের এ জয় ঐতিহাসিক এবং গৌরবময় অধ্যায়ের আরেকটি সংযোজন।

Post a Comment

Previous Post Next Post