বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী খান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে ঘিরে আয়োজিত হতে যাচ্ছে মিউজিক ফেস্ট। এতে অংশ নেবেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। তার সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও অ্যাভয়েড রাফা। তবে এই মিউজিক ফেস্ট উপভোগ করতে দর্শকদের গুনতে হবে বড় অঙ্কের টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের মূল্য ও অংশগ্রহণকারী শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা। গোল্ড ও সিলভার ক্যাটাগরির টিকিটের দাম যথাক্রমে ৮ হাজার এবং ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা, আর ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার টাকায়।
বিপিএল মিউজিক ফেস্টে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা। অনুষ্ঠানে থাকবেন রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা ছাড়াও অংশ নেবেন র্যাপার হান্নান এবং জেফাররা।
এছাড়া, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ‘জোন ৩৬’ নামে একটি বিশেষ এলাকায় ১০০ আসন সংরক্ষণ করা হয়েছে।
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় বিপিএল ২০২৫ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে এই লাইভ প্রচারণা চলছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এ উপলক্ষে সেদিন বেলা আড়াইটায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। তবে বিকেল সাড়ে চারটার পর কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ বিপিএল।
ফেস্টের টিকিটের মূল্য (ক্যাটাগরি অনুযায়ী):
- প্লাটিনাম: ১২,০০০ টাকা
- গোল্ড: ৮,০০০ টাকা
- সিলভার: ৬,০০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড: ৪,০০০ টাকা
- ক্লাব হাউজ: ২,৫০০ টাকা

Post a Comment